হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার বেলা পৌনে ১২ টার দিকে ৬ কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৬০)। বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিন জানান, রবিবার বেলা পৌনে ১২ টার দিকে আব্দুর রাজ্জাক মালোয়েশিয়ার কোয়ালালামপুর থেকে এমএইচ ১০২ নম্বর ফ্লাইটে বিমানবন্দরে আসেন। পরে একটি হুইল চেয়ারে আসার পথে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৩ কোটি টাকা। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।



