চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
টেকনাফের নাইট্যংপাড়া সীমান্ত থেকে ৬১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি-৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজমুস সাদাত জানান, নাফ নদী দিয়ে কয়েকজন নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসছিলেন। নাইট্যংপাড়া সীমান্তে তারা বিজিবির টহল দলকে দেখে নাফ নদীর তীরে একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। ওই প্যাকেটটি থেকে ৬১ হাজার পিস ইয়াবা পায় বিজিবি।
নাজমুস সাদাত আরও জানান, পাচারকারীরা মিয়ানমারের নাগরিক হতে পারেন। তারা বাংলাদেশের কোনো ডিলারের হাতে এ সব ইয়াবা তুলে দেওয়ার জন্য আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।




