ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বাংলা সনের নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র ও প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।
স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘সবাইকে শুভ নববর্ষ! আমাদের বাঙালিদের রয়েছে হাজার বছরের পুরোনো সংস্কৃতি। আমরা আমাদের মুক্তির জন্য সংগ্রাম করেছি এবং অর্জন করেছি আমাদের স্বাধীনতা। আমরা বাঙালি জাতি এবং আজ আমাদের নববর্ষ। প্রিয় দেশবাসীকে জানাই আমার শুভেচ্ছা।’
রমনার বটমূলে বোমা হামলার ঘটনার কথা স্মরণ করে বঙ্গবন্ধুর দৌহিত্র জয় বলেন, ‘এই উৎসবের দিনে, বিএনপি জামায়াত সরকারের সময়ের পহেলা বৈশাখে বোমা হামলার শিকার লোকদের কথা আমি স্মরণ করছি। বিএনপি জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাসীরা ধর্মের নাম করে আমাদের সংস্কৃতি মুছে দিতে চেয়েছিলো। আওয়ামী লীগ সরকার সেটা হতে দিবে না। আমরা আমাদের সংস্কৃতি ও দেশকে রক্ষায় সকল সন্ত্রাসীদের প্রতিহত করবো। আমরা বিগত পাঁচ বছর আপনাদের সন্ত্রাসীদের থেকে রক্ষা করে এসেছি এবং ভবিষ্যতেও রক্ষা করেই যাবো।’




