ন্যাশনাল ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
লাশের মিছিলে যোগ হলো আরও নাম। সন্ধ্যানাগাদ বার্তাকক্ষে অন্তত ২০টি লাশের খবর এসেছে। পৃথক পৃথক হত্যাকাণ্ড ও দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই আসতে থাকে একের পর এক লাশের খবর। এদের মধ্যে কর্মকর্তাসহ তিন পুলিশ, দুই কারখানাশ্রমিক, এক প্রকৌশলী, নারী ও শিশু রয়েছে। রেললাইন, মহাসড়ক, সমুদ্র সৈকতে এসব দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট সীমান্তের ওপারে ভারতীয়দের হাতেও নিহত হয়েছেন তিন জন।
না’গঞ্জে ২ গলাকাটা লাশ: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, শহরের নিতাইগঞ্জ খালঘাট এলাকায় একটি ময়দা কারখানা থেকে দুইজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল পৌনে ৮টায় নাইনা ফ্লাওয়ার-২ নামের ওই কারখানা থেকে নৈশ প্রহরী আবদুল আজিজ (৫৫) ও শ্রমিক হোসেন মিয়ার (৪০) লাশ উদ্ধার করা হয়। আজিজ শহরের পাইকপাড়া পানির ট্যাংক এলাকার মালা বকস’র ছেলে। হোসেন মিয়ার বাড়ি চাঁদপুরে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সকাল পৌনে ৮টায় অন্য শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা তালাবদ্ধ দেখে মালিক ও পরে পুলিশকে খবর দেয়। পুলিশ প্রথমে নিচ তলার অফিসকক্ষ থেকে আবদুল আজিজের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে দ্বিতীয় তলার সিঁড়ি-কোটায় শ্রমিক হোসেন মিয়ার লাশ দেখতে পায়। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই হত্যার রহস্য বের করা সম্ভব হবে।
ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা: কলকাতা করেসপন্ডেন্ট জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায়। এরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) এবং ওসমানপুর গ্রামের মফিজ উল্লার ছেলে ওমর আলী (৩০)। চুনারুঘাটের গাজীপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা ৩ জনকে হত্যা করার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে বিজিবিও এ তথ্য নিশ্চিত করে।
ঠাকুরগাঁওয়ে পুকুরে নিখোঁজ শিশুর লাশ: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁ গ্রামের একটি পুকুর থেকে মহিদুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মহিদুল ওই গ্রামের আবদুল সোবাহানের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
গাজীপুরে ২ লাশ: গাজীপুরে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চলন্ত অ্যাম্বুলেন্স থেকে একটি লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। বিষয়টি ফাঁড়িতে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) একরামুজ্জামান বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে বাসের ধাক্কায় নিহত আরও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। এঘটনায় আরও দুই পথচারী আহত হযেছেন বলেও জানান তিনি।
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খাড়ারাই গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আজাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আজাদ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন চিকিৎসাধীন অবস্থায় আজাদ মিয়া মারা যাওয়ার বিষয়টি ে নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত: গোপালগঞ্জে বাস চাপায় ইমরান শেখ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমরান শেখ সদর উপজেলার উলপুর আশ্রয়ণ গুচ্ছগ্রামের মজিবুর রহমানের ছেলে। বৌলতলী পুলিশ ফাঁড়ির আইসি সুমন ভক্ত জানান, দুপুরে শিশু ইমরান ওই সড়কের ওপর বসে খেলা করছিল। এ সময় গোপালগঞ্জে থেকে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু নিহত: সাতক্ষীরায় গরুবাহী ট্রাকচাপায় নাইম হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাইম হোসেন শিকড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে ও শিকড়ী প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, নাইম রাস্তার পাশে খেলা করছিল। এ সময় সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কক্সবাজারে পর্যটক নিহত: কক্সবাজার প্রতিনিধি জানান, সকালে সমুদ্র সৈকতে স্পিড বোটের ধাক্কায় তাজুল ইসলাম (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন। রোববার বেলা ১১ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্পিড বোটের চালক জিয়াবুলকে আটক করা হয়েছে। নিহত তাজুল ইসলাম বগুড়া জেলার নজরুল ইসলামের পুত্র এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তবে বিশ্ববিদ্যালয়ের নাম জানা যায়নি। তাজুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরিও করতেন।
সিরাজগঞ্জে প্রিজনভ্যান উল্টে নিহত ২: সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পুলিশের প্রিজনভ্যান উল্টে মনির হোসেন (৩২) নামে এক পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। রোববার সকাল সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপরজনের নাম সূর্য মণ্ডল (৬৮)। তার বাড়ি মুলিবাড়ি গ্রামে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার জানান, হাজিরার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি নিয়ে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে যাচ্ছিলো প্রিজনভ্যানটি। সকাল সোয়া ৯টার দিকে ভ্যানটি মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পথচারী সূর্য মণ্ডলকে বাঁচাতে গিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মনির নিহত হন। রক্ষা পাননি সূর্য মণ্ডলও। এসময় আহত হন আরো অন্তত পাঁচ পুলিশ সদস্য।
রাজধানীতে রেলের ধাক্কায় প্রকৌশলী নিহত: এদিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেল ক্রসিংয়ে রোববার ভোরে ট্রেনের ধাক্কায় প্রদীপ দত্ত(২৬) নামের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
কমলাপুর জিআরপি থানার ওসি আ: মজিদ এ তথ্য নিশ্চিত করেন। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। একই থানার এএসআই নজরুল ইসলাম জানান, ভোরে কমলাপুর থেকে টঙ্গীগামী পারাবাত এক্সপ্রেস কুড়িল বিশ্বরোড এলাকায় পৌঁছালে তার ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন। তিনি রেল ক্রসিং পার হচ্ছিলেন।
সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশ নিহত: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফকিরহাট এলাকায় দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যান চাপায় নাসির উদ্দিন(৪৫) নামে ট্রাফিক পুলিশের এক পরিদর্শক(টিআই) নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন বাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন জানান, সড়কের পাশে নষ্ট হয়ে পড়ে থাকা লরির পেছনে দাঁড়িয়ে ছিলেন নাসির উদ্দিন। এসময় চট্টগ্রামমুখি একটি কাভার্ড ভ্যান নাসির উদ্দিনকে চাপা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ এসে নাসির উদ্দিনের লাশ হাসপাতালে পাঠায়।
না’গঞ্জে নারী পুলিশ কনস্টেবল নিহত: এদিকে নারায়ণগঞ্জে জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ট্রাকচাপা পড়ে রোকেয়া (২২) নামে এক নারীপুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালকও হেলপারকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোশের্দ জানান, রোকেয়া নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রিজার্ভে ছিলেন। লাঙ্গলবন্দে দায়িত্ব পালন করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় তিনি নিহত হন।
নাটোরে ২ লাশ: এদিকে নাটোরের সিংড়ায় একটি পিকনিকের বাস-দুর্ঘটনায় অন্তত ১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও উপজেলার বন্দর আমতলী গ্রামে হুদাই খাঁ নামে ২ বছর বয়সী এক শিশু বরনই নদীতে ডুবে মারা যায়। হুদাই বন্দর গ্রামের জাকির হোসেনের ছেলে। রোববার সকাল ১১টার দিকে হুদাইকে সঙ্গে নিয়ে তার মা রোকেয়া নদীর ঘাটে যান। এ সময় শিশুটি পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসী।
গোদাগারীতে বাসচাপায় বৃদ্ধ নিহত: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি এলাকায় ট্রাকের চাপায় আফসার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসার আলীর বাড়ি লস্করহাটি গ্রামে।




