বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মুন্সীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৪ জন নিহত

মুন্সীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৪ জন নিহত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আফজাল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৩২), তার আড়াই বছরের ছেলে ফাহিম ও চার মাসের ছেলে মাসুম। নিহত অপরজন ফিরোজা বেগমের শাশুড়ি। তার নাম জানা যায়নি। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। স্থানীয়রা জানান, সদর উপজেলার বিনোদপুর এলাকার একটি ধানের চাতালে ফিরোজা বেগম ও তার স্বামী আফজাল হোসেন শ্রমিকের কাজ করতেন। এ কারণে মিল মালিক জসিমউদ্দিন মিয়ার সহযোগিতায় তিনি মিলের পাশেই টিন ও মুলির বেড়া দিয়ে ছাপড়া ঘর তৈরি করে শাশুড়ী, স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
সদর থানার মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, রাতে ফিরোজা তার শাশুড়ি ও দুই শিশুপুত্রকে নিয়ে ঘুমাচ্ছিলেন। এসময় তার স্বামী বরগুনা গ্রামের বাড়ি ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে রান্না ঘরের জ্বলন্ত চুলা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও মুন্সীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ওই ৪ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

সর্বশেষ