ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন অস্কারজয়ী ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। এ আর রহমান মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে ববি ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আর রহমানের কাজের প্রসংশা করেন।
ভারতের চেন্নাই থেকে মঙ্গলবার দুপুর দুইটা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ব্লুজ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুল ইসলাম। উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক এবং কণ্ঠশিল্পী এ আর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিসিবি সেলিব্রেশন কনসার্টে গান গাইবেন। তার সঙ্গে এসেছে ১৩০ জনের একটি দল।




