শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর...... ১৩ মার্চ প্রধানমন্ত্রী অফিস করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

১৩ মার্চ প্রধানমন্ত্রী অফিস করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নিজের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোয় ধারাবাহিকভাবে অফিস করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে ১৩ মার্চ তিনি অফিস করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রীর দায়িত্ব না দেওয়ায় প্রধানমন্ত্রী নিজেই এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার জানান, ১৩ মার্চ প্রধানমন্ত্রী এখানে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) অফিস করবেন।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি ৪৯ সদস্যের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানকে নিয়োগ দেওয়া হয়। স্বরাষ্ট্র ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েও রয়েছেন কেবল একজন করে প্রতিমন্ত্রী।

গত ৬ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। এর ১০ দিনের মাথায় ১৬ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অফিস করেন শেখ হাসিনা। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, কাজের গতি আনতেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে অফিস করবেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীকে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। এদিন নরসিংদী-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়।

এইকই দিন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আবদুল্লাহ আল জ্যাকবকে পরিবেশ ও বন মন্ত্রণালয় উপ-মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্রে রয়েছেন একজন প্রতিমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তরের প্রতিবেদন তলব করা হয়েছে। এর মধ্যে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্ট গার্ডসহ অন্যান্য সংস্থার তাদের নিজ নিজ কর্মকাণ্ডের প্রতিবেদন চাওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে এসব সংস্থা, দপ্তরের প্রতিবেদনসহ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ