চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চেক প্রতারণার অভিযোগে বাণিজ্যিক ব্যাংকের দায়ের করা সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় চার শিল্পপতির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার দুপুরে এ চার শিল্পপতি মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি ওমর ফুয়াদ জামিনের বিষয়টি সংবাদিকদের নিশ্চিত করেন। মঙ্গলবার উক্ত আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
জামিনপ্রাপ্তরা হলেন- এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাবউদ্দিন আলম ও তার স্ত্রী একই গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন আলম। নূরজাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ এবং তার ভাই একই গ্রুপের পরিচালক টিপু সুলতান।
সূত্র জানায়, নগরীর আগ্রাবাদ ফিনলে হাউসের ঠিকানায় এসএ গ্রুপের সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের নামে অগ্রণী ব্যাংক থেকে ঋণ নেয়া হয়। ঋণ পরিশোধের জন্য সামান্নাজ গত বছরের ২১ মে অগ্রণী ব্যাংককে তিনটি চেক প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে টাকা উত্তোলন করতে গেলে ‘অপর্যাপ্ত তহবিলের’ কারণে চেকগুলো ডিজঅনার হয়। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বারবার জানানো হয় এবং দু’দফায় লিগ্যাল নোটিশ দেয়ার পরও তারা কোন সাড়া দেয়নি।




