দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও পণ্য বাজারজাতকরণের সুযোগ বাড়াতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি বিভাগে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পটভূমি ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রামাণ্যচিত্রে দেখানো হয়, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। এর সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।সরকারি আদেশ দেখুন
এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে অংশ নিচ্ছেন ৩৮০ জন উদ্যোক্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।




