একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ওই রায়কে বিচারিক অবিচার বা ‘মিসক্যারেজ অব জাস্টিস’ উল্লেখ করে তিনি বলেছেন, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়া লজ্জার।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিনজনই। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
আপিল শুনানিতে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তার বয়স মাত্র ১৩ বছর ছিল বলে বিষয়টি উঠে আসে। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত।




