সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালকের পদ থেকে চাকরী হারিয়ে পরবর্তীতে ভাইয়ের দোকানে চাকরী করা মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে দুদক। তাকে চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও সে সময় দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনের মতো ঘটনাও ঘটে। একইসঙ্গে তাকে দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বিধি অনুসারে তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন ভাতা প্রাপ্য হবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক থাকাকালীন শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরআগে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি।
সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে সাহহের পরিচয় দেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়ে জানিয়ে থানায় জিডিও করেছিলেন দুদকের এই কর্মকর্তা। শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনের মতো ঘটনা ঘটে।
শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’
কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ-সংক্রান্ত দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধির বৈধতা নিয়ে ও চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে শরীফ ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকে বাতিল ঘোষণা করা হয়। হাইকোর্ট জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেন। রায়ের অনুলিপি গ্রহণের ৩০ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। হাইকোর্টের রায়ের ফলে শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের পথ খোলে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল (আপিল করার অনুমতি) চেয়ে আবেদন করে দুদক। পরবর্তীতে দেওয়ানি এই লিভ টু আপিল প্রত্যাহার চেয়ে আবেদন করে সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত না চালানোর পরিপ্রেক্ষিতে (নট টু প্রসিড) লিভ টু আপিলটি খারিজ করে দেন।




