সংস্কার কর্মসূচি কাজে আসছে এবং এরই মধ্যে দেশ এর সুফল পেতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, সংস্কারের অংশ হিসেবে গত অর্থবছরের শেষ দিকে কাস্টমস হাউসগুলোতে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ শুল্ক আদায় হয়েছে।একই সঙ্গে আয়কর আদায়ও বেড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আহসান হাবিব উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা একটি ভঙ্গুর ও পর্যুদস্ত অর্থনীতি পেয়েছিলাম। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় অভ্যন্তরীণ সম্পদ আহরণের হার ছিল মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার পাশাপাশি বিশ্বব্যাপীও সর্বনিম্ন পর্যায়ে ছিল। এ বাস্তবতায় আমরা ২০৩০ সালের মধ্যে এ হার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেয়েছে।
অর্থনীতির সংকট ও ঋণের বোঝার চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারগুলোর সময়ের হিসাব বিবেচনা করলে দেখা যায়, এক দশকে ঋণের পরিমাণ বেড়েছে ৩০০ শতাংশের বেশি। আর ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে তা বেড়েছে ৩২৩ শতাংশ। সরকারের মূল ঋণ, গ্যারান্টি এবং বেসরকারি খাতের ঋণ মিলিয়ে ২০২৬ সালের জুন নাগাদ মোট ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ১১৪ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু সরকারি ঋণ ও গ্যারান্টির পরিমাণই হবে প্রায় ৯০ বিলিয়ন ডলার।’
তিনি আরও বলেন, ইতোমধ্যে ঋণের আসল ও সুদ পরিশোধে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। ২০৩০ সাল নাগাদ এ ব্যয় ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
নিম্ন রাজস্ব আদায় ও বিপুল ঋণের বোঝা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারে রাজস্ব বিভাগে রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণের কার্যক্রম পৃথক করা হয়েছে। পাশাপাশি আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগের জন্য পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
টাস্কফোর্স গঠনের পর অর্জিত সাফল্যের চিত্র তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি পর্যন্ত প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫ শতাংশ। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর টাস্কফোর্স গঠনের মাধ্যমে সেই প্রবৃদ্ধির হার এখন ১২ দশমিক ০৩ শতাংশে উন্নীত হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের কারণে আন্তর্জাতিক অর্থনীতি ও রাজস্ব আদায়ে কিছুটা চাপ তৈরি হলেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভ্যন্তরীণ চাহিদা ও অংশীজনদের সুপারিশের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।




