ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দমনের মাধ্যমে ‘শূন্যতা’ সৃষ্টি করে সরকার সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও ‘একতরফাভাবে’ করার ‘পাঁয়তারা’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “প্রতিদিন আমাদের দলের নেতা-কর্মীদের গুম করা হচ্ছে, গ্রেপ্তার করে হত্যা করা হচ্ছে। উপজেলা নির্বাচনের প্রাক্কালে ক্রসফায়ারে মানুষ হত্যা করে নিবিড় শূন্যতা সৃষ্টি করে সরকার ক্ষমতা থাকার ষড়যন্ত্র করছে।”
রিজভীর অভিযোগ আওয়ামী লীগ ছাড়া কেউ যাতে নির্বাচনে থাকতে না পারে, সেজন্য বিএনপি ও শরিকদের প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হচ্ছে। এ থেকে মুক্তি পেতে ‘দুর্বার’ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
এবার উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে ছয় ধাপে। ৪৮৭ উপজেলার মধ্যে প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ৯৮ উপজেলায়, দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি ১১৭ উপজেলায় এবং তৃতীয় দফায় ১৫ মার্চ ৮৩ উপজেলায় ভোটের তারিখ রাখা হয়েছে।
জাতীয় নির্বাচনের আগে গত স্থানীয় সরকারের অধিকাংশ নির্বাচনে জয় পায় বিএনপি সমর্থিত প্রার্থীরা। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শেষ পর্যন্ত তারা জাতীয় নির্বাচন বয়কট করে। ফলে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে এবং প্রায় দুই যুগ পর বিএনপিকে ছাড়াই যাত্রা শুরু করে দশম সংসদ।
বিএনপির সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও সাদেক হোসেন খোকার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় রিজভী বলেন, “গতকাল (সোমবার) নাটোরের শিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল হাই কোর্টে জামিনের জন্য এসেছিলেন। হাই কোর্ট প্রাঙ্গণ থেকে তাকেসহ পাঁচজনকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়।”
তারা কোথায় আছেন কিংবা তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা- পুলিশের কাছে বার বার জানতে চেয়েও কোনো জবাব মেলেনি বলে দাবি করেন বিএনপি যুগ্ম মহাসচিব।
“এভাবে প্রতিদিনই উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। বিরোধী দল ও মতকে এভাবে দাবিয়ে রেখে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করতে চায়।’’ বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে রিজভী বলেন, “আমাদের চার দেয়ালের মধ্যে আলোচনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, সরকার পতনের আন্দোলন জোরদার করতে হবে।”
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মুক্তিযোদ্ধা দলের ইসমাইল হোসেন বেঙ্গল, সাদেক আহমেদ খানসহ কেন্দ্রীয় নেতারা আলোচনা সভায় বক্তব্য দেন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ নোয়াখালী-সোনাইমুড়িবাসীর উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবদুর রহিমের (বাচ্চু) সভাপতিত্বে এ আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব ও আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন বক্তব্য দেন।




