রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচাঁদাবাজির মামলায় কারাগারে সন্ত্রাসী বগা

চাঁদাবাজির মামলায় কারাগারে সন্ত্রাসী বগা

নগরের খুলশী থানায় করা চাঁদাবাজির মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এস এম মনিরুল ইসলাম বলেন, খুলশী থানার চাঁদাবাজি ও অস্ত্র মামলায় ওয়াকিল হোসেন বগা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় তার জামিন মঞ্জুর করেন। তবে চাঁদাবাজির মামলায় জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বগার বিরুদ্ধে আর কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।

এর আগে গত ৬ অক্টোবর নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে ওয়াকিলের অবস্থানের খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। পরদিন মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, ওয়াকিল নগর ভবনে ছিলেন না। তার দুই ভাই মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

এ সময় ওয়াকিলকে সন্ত্রাসী নয়, জুলাই যোদ্ধা বলে দাবি করেন মেয়র। পাশাপাশি খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। ওই দিনই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের সিটিএসবিতে বদলি করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

গত ৬ অক্টোবর প্লট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ওয়াকিলসহ ৩৭ জনের নাম উল্লেখ করে খুলশী থানায় আরেকটি মামলা করেন চট্টগ্রাম খবরের সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ আরিফ। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। এজাহারে পাঁচটি ঘটনার উল্লেখ করে আরিফ অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিল তাঁকে অপহরণ করে ওয়াকিলের আস্তানায় নিয়ে চাঁদা দাবি করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ