সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রচ্ছদজাতীয়রিয়াদে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

রিয়াদে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো প্রাণঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এতে আরও বলা হয়, রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য কাজ করছে মিশন।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি এ হামলার ঘটনায় দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে বাংলাদেশ চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য অবিলম্বে সহিংসতা বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ