রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর সময় হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তত তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকালে মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য, অভিযান শুরুর পর প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের একটি অংশ সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে পুলিশের একটি গাড়ি এবং উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকুতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও উত্তেজনার মধ্যে পড়েন। কয়েকজন হকারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়িতে ভাঙচুর চালানো হয়। কয়েকজন সাংবাদিককে হেনস্তা ও তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগও পাওয়া গেছে।সংবাদ বিশ্লেষণ
দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের একটি দলকে অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হোসেন।




