মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ছে ১৭ পয়সা

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ছে ১৭ পয়সা

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতির বাসভাড়া নির্ধারণসংক্রান্ত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে কী পরিমাণ বাসভাড়া বাড়বে, সে বিষয়ে বিআরটিএ, বুয়েটসহ সংশ্লিষ্ট সরকারি ও বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের একটি নীতিমালা রয়েছে।

সেই নীতিমালা অনুযায়ী ভাড়া বাড়ানোর কথা থাকলেও যাত্রীদের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারও কিছুটা কম ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যাত্রীদের আয় তো বাড়েনি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামসহ বিভিন্ন বিষয় বিবেচনায় থাকলেও যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। বাসভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের জন্য বিআরটিএকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিআরটিএ মালিক সমিতির সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণ করবে এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির হিসাব অনুযায়ী বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর একটি প্রস্তাব এসেছে। তবে জনস্বার্থ বিবেচনায় বাসমালিকদের প্রস্তাবিত হারের চেয়ে তিন পয়সা কমে ১৭ পয়সা নেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে বিআরটিএর সঙ্গে মালিক সমিতির সমঝোতা হবে।

বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে এ বিষয়ে শিমুল বিশ্বাস বলেন, প্রজ্ঞাপন জারির পরই তা কার্যকর হবে। প্রজ্ঞাপন মঙ্গলবারই জারি হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ