মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদিনাজপুরে ৪ বছরের শিশু রুহির দেহাবশেষ উদ্ধার, মায়ের কথিত প্রেমিক গ্রেপ্তার

দিনাজপুরে ৪ বছরের শিশু রুহির দেহাবশেষ উদ্ধার, মায়ের কথিত প্রেমিক গ্রেপ্তার

দিনাজপুরে চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে অপহরণ করে হত্যার ঘটনায় মায়ের কথিত প্রেমিক রিপন টুডুকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্য ও দেখিয়ে দেওয়া স্থান থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে মাটিচাপা অবস্থায় শিশুটির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী এলাকায়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিপন টুডুর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত থেকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার ভোরে মাটিচাপা অবস্থায় রুহির দেহাবশেষ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নশিপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে জিন্নাতুনের (১৯) সঙ্গে একই এলাকার মৃত নেপাল টুডুর ছেলে রিপন টুডুর সম্পর্ক ছিল। এর আগে জিন্নাতুনের অন্যত্র বিয়ে হয়েছিল। ওই সংসারে তার চার বছরের মেয়ে রাকিবা আক্তার রুহি ছিল। স্থানীয়দের দাবি, প্রায় ছয় মাস আগে জিন্নাতুন রিপনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মেয়েকে নিয়ে তার বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনার তিন দিন আগে রিপনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন জিন্নাতুন। অভিযোগে তিনি দাবি করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রিপন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। একই অভিযোগে তিনি দাবি করেন, গত ৫ জুন বিকেলে তার চার বছরের মেয়ে রুহিকে হত্যা করে অজ্ঞাত স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।

এদিকে শনিবার রাত থেকে জিন্নাতুন ও রিপন দুজনই নিখোঁজ ছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার স্থানীয়রা রিপনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে তার মোটরসাইকেল ও আসবাবপত্র দিনাজপুর-দশমাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন।

দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা শিশু রুহিকে অপহরণ ও হত্যার ঘটনায় রিপনকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি থানা পুলিশের আশ্বাসে বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তাদের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছিল।

এরপর সোমবার রাতে রিপন টুডুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে রুহির দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিন্নাতুনের করা অভিযোগ এবং শিশুটির মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ