মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি : স্থানীয়...

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশন গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করলেও এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে অন্য সবার মতো তারাও ইসির ঘোষিত নির্বাচনের তারিখের বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, ‌আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুধু এইটুকুই জানাতে চাই, এ ব্যাপারে সরকার কিছু জানে না এবং সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে থাকে। এ ছাড়া নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ বিভিন্ন বিষয়ও জড়িত থাকে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।’

এর আগে গতকাল (১৪ সেপ্টেম্বর) ইসি জানায়, এবার মোট সাতটি ধাপে এবারের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামী ১২ নভেম্বর স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ২০২৭ সালের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল, সপ্তম ধাপে ২৭ মে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির তথ্য, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউপিগুলোর নির্বাচন হবে। ঠাকুরগাঁও জেলা বাদে দেশের ৬৩ জেলার সদর বা কাছাকাছি উপজেলার ইউপিগুলো প্রথম ধাপের নির্বাচনের জন্য বেছে নেওয়া হবে। প্রথম পাঁচটি ধাপেই বেশির ভাগ ইউপির নির্বাচন শেষ করা হতে পারে।

সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসির প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা আজ (সোমবার) স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি এবং সভায় কতগুলো প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত নয়।

আরও পড়ুন

সর্বশেষ