রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর তিন সদস্য নিহত ও অন্তত চার জন আহত হয়েছেন। আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে । আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। আহতরা হলেন—করপোরাল আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।
আইএসপিআর জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় থাকা ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন বিমান সেনার মৃত্যু হয়। আহত চারজনকে দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ এবং কীভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে পড়ে গেল, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।




