চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, মানুষের উদ্ভাবনী চিন্তা ভাবনাকে দ্রুত সময়ে কাজে লাগাতে পারে সিএসই গ্রাজুয়েটরা। সিএসই বিভাগ অত্যন্ত স্মার্ট ও সম্ভাবনাময় বিভাগ। যেকোন সমস্যা বা সেবা সহজীকরণে সিএসই গ্রাজুয়েটরা ভালো ভূমিকা রাখতে পারে এবং সমস্যা সমাধান করে তা দ্রুত বাস্তবে প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশেরও কল্যাণে কাজে লাগাতে হবে।
আজ ৩০ আগস্ট (রবিবার) ২০২৬ খ্রিঃ চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কতৃর্ক আয়োজিত “Preparing Self-Assessment Report of the CSE Program for BAETE Accreditation ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালেকুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। এতে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর। কর্মশালা সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক জনাব সাইমুম হোসাইন সোহান।




