সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই মন্ত্রিসভায় নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের সব পরিকল্পনার মূল লক্ষ্য দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা। কোথায়, কাকে দিয়ে এবং কীভাবে কাজ করালে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে—এসব বিষয় বিবেচনা করেই প্রধানমন্ত্রী দায়িত্ব বণ্টন করেছেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, নতুন সরকার সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না।
নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।




