মানি লন্ডারিং বা কোনো অপরাধের কারণে বিএফআইইউ কোনো ব্যাংক হিসাব স্থগিত বা ফ্রিজ করার নির্দেশ দিলে ওই হিসাবের বর্তমান স্থিতি এবং সম্পর্কিত অন্যান্য তথ্যাদি অবিলম্বে সংস্থাটিকে অবহিত করতে হবে। দেশের সবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ রিপোর্ট প্রদানকারী সংস্থাকে এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (১৯ আগস্ট) বিএফআইইউ পরিচালক এ কে এম গোলাম মাহমুদ স্বাক্ষরিত একটি সার্কুলার (সার্কুলার লেটার নং-৫) দেশের সব রিপোর্ট প্রদানকারী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(৪) বিধি অনুযায়ী বিএফআইইউ কোনো হিসাব স্থগিতের আদেশ দিলে সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী সংস্থাকে ওই হিসাবের স্থিতি এবং হিসাবটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্য অবিলম্বে বিএফআইউকে জানাতে হবে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ২৩(১)(ঘ) ধারা এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ১৫(১)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বিএফআইইউ।




