প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন কিংবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার পূর্বে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুনে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিষয়ে কার্যক্রম চলছে।
ভারত থেকে পুশইনের কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আসামের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছিলেন আমরা কড়া প্রতিবাদ করেছি। এ বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। পশ্চিমবঙ্গের ক্ষমতায় পালাবদলে যদি পুশইনের ঘটনা ঘটে তবে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ।
নিজের চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলাপ হবে। সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অবশ্যই কথা হবে। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়া ভালো। শুধু আমরা নয় অন্য দেশও এমন চুক্তি করেছে। আমরা অন্য দেশের চেয়ে এগিয়ে আছি।




