চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নেফ্রোলজি বিভাগে কিডনি রোগীদের চিকিৎসায় নতুন করে যুক্ত হলো আরও ৪টি আধুনিক ডায়ালাইসিস মেশিন। এ নিয়ে বিভাগটিতে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা দাঁড়ালো ১৮টিতে। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এর অর্থায়নে এই চিকিৎসা সরঞ্জামগুলো চমেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে (নেফ্রোলজি বিভাগ) স্থাপন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) নতুন মেশিন সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএসআরএম’র ডিএমডি নবাব সিরাজউদ্দৌলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান এবং ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী প্রমুখ।
চমেক হাসপাতালে নেফ্রোলজি বিভাগ ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান স্যানডোর ডায়ালাইসিস সেবা দিয়ে থাকে। স্যানডোরের ৩১টি মেশিনের পাশাপাশি নেফ্রোলজি বিভাগে ছিল ১৪ ডায়ালাইসিস মেশিন। যা দিয়ে ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করতে পারেন রোগীরা।




