বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদখেলার সময়টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাদ্দ ১১৫ কোটি টাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাদ্দ ১১৫ কোটি টাকা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চলতি বছর মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে রাজধানী ঢাকাকে সাজাতে ১১৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভায় এই  প্রকল্পসহ সাত হাজার ৭৩৫ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

ইমপ্রুভমেন্ট অব রোড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বিউটিফিকেশন ওয়ার্কস অ্যারাউন্ড মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অ্যান্ড মেজর রোডস অব ঢাকা সিটি ফর আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-২০ বাংলাদেশ-২০১৪ নামের প্রকল্পটির অধীনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও দুটি আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন সড়কের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। একই সঙ্গে সৌন্দর্যবর্ধন ও সাজ-সজ্জার কাজ এবং সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করা হবে বলে অনুমোদিত প্রকল্পের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

সরকারের ৯২ কোটি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিলের ২৩ কোটি টাকা নিয়ে মোট ১১৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রায় ২৩ কিলোমিটার সড়কের অবকাঠামোগত উন্নয়ন, ২৩ দশমিক ৫০ কিলোমিটার সড়কের ট্রাফিক সাইন, রোডমার্কিং আলোকায়ন ও বিদ্যুতায়ন এবং ২০ দশমিক ৫০ কিলোমটিার সড়ক উজ্জ্বল আলোয় সজ্জিত করা, সৌন্দর্যবর্ধন ও ডেকোরেশন কার্যক্রম প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ একনেকের অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ