ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নতুন কোনো সম্পত্তি না করার ঘোষণা দিলেন নবগঠিত মন্ত্রিসভার ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রোববার ভূমি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরার সময় এ ঘোষণা দেন তিনি।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, খালি হাতে এসেছি, খালি হাতে ফিরে যাব। নতুন করে আর জমিও কিনবো না। আগামী পাচঁ বছরে আমার সম্পদ বাড়বে না।
নিজের এবং স্ত্রীর সম্পদের হিসাব তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আমার ১৫ কোটি ১৭ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে দুই কোটি ৯০ লাখ টাকা দেনা। আর আমার স্ত্রীর সম্পদের পরিমাণ দুই কোটি ৯২ লাখ ১৬ হাজার ৬৯৮ টাকা।
এছাড়া শেয়ার হিসেবে ১০ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা, অকৃষি জমি বাবদ দুই কোটি ৬৫ লাখ ২১ হাজার ৫৭৫ টাকা রয়েছে। কৃষিজমির মূল্য তিন লাখ ৪২ হাজার ৯০৬ টাকা।
বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য তুলে ধরে সাইফুজ্জামান জানান, এ খাতে তার রয়েছে ৬৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। ৩০ হাজার টাকা অলংকার, ৩০ হাজার টাকার আববাবপত্র এবং ব্যবসার বাইরে নগদ অর্থ আছে এক কোটি ১১ লাখ ৬৮ হাজার ৮২৭টাকা।
নিজের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট থাকলেও সেগুলো এখনো হস্তান্তর হয় নি জানিয়ে সাইফুজ্জামান বলেন, নিবন্ধন না হওয়ার কারণে এগুলো সম্পত্তির হিসাবে দেখানো হয় নি।
বর্তমানে নিজস্ব কোনো গাড়ি না থাকলেও সংসদ সদস্য হিসেবে যে গাড়ি নিয়েছেন তা কিছুদিনের মধ্যে তার সম্পদের তালিকায় যুক্ত হবে। গত ১২ জানুয়ারি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠনের পর এই প্রথম কোনো সদস্য সংবাদ সম্মেলন করে সম্পদের হিসাব তুলে ধরলেন। নিজের মালিকানাধীন ব্যাংক ইউসিবিএল থেকে ২/১ দিনের মধ্যে পদত্যাগ করবেন বলেও জানান তিনি।
ল্যান্ড ব্যাংক
খাস জমি রক্ষায় ল্যান্ড ব্যাংক করার ইচ্ছা পোষণ করে প্রতিমন্ত্রী জাবেদ বলেন, দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে সেখানে তা জমা হিসেবে থাকবে। বিশ্বের অন্যান্য দেশে ল্যান্ড ব্যাংক থাকলেও বাংলাদেশে এটাই প্রথম হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় থেকে জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। এখন থেকে জনগণ এ মন্ত্রণালয়ে হয়রানির শিকার হবে না।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।পরে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে একই আসনে বাবার মৃত্যুর পর উপ-নির্বাচনে জয় পান তিনি।




