শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরো এক মাস

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরো এক মাস

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার এক আদেশের মাধ্যমে ৩১ ডিসেম্বর থেকে বৃদ্ধি করে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করে এনবিআর।

এনবিআর বলছে, এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৫-২৬ কর বছরে বেশ কয়েক শ্রেণির করদাতার অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলেও তাঁরা ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করেই রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগেও করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে এক দফা আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ৪২ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ লাখের বেশি করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনো প্রায় ১৫ থেকে ১৬ লাখ করদাতা রিটার্ন দাখিল করেননি।

এনবিআর জানায়, প্রতিদিন নতুন নতুন করদাতা অনলাইনে নিবন্ধন করছেন। বর্তমানে দৈনিক গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন করছেন।

চলতি করবর্ষ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করার প্রয়োজন নেই; শুধু প্রয়োজনীয় তথ্য দিলেই রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। এতে অনলাইনে রিটার্ন দাখিলের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে এনবিআর।

এ বছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলেও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তি, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা চাইলে পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করে বিদেশে বসেই ই-রিটার্ন দাখিল করতে পারবেন। বর্তমানে ব্যাংকিং সেবার যেকোনো মাধ্যম বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর পরিশোধ করলে সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্বীকারপত্র পাওয়া যাচ্ছে।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টার চালু করেছে। করদাতারা ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক সহায়তা নিতে পারবেন। পাশাপাশি সারাদেশের কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সহায়তা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ