আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের পাশাপাশি নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। এছাড়া সভায় সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
এর আগে একে একে ইসি ভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানরা। প্রথমে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসিতে আসেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিন বাহিনীর প্রধানদের রিসিভ করেন। পরে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে।
দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।




