চ্যালেঞ্জ থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় একদিনে করা ভালো এবং এটা সুষ্ঠুভাবে করা যেতে পারে।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেস্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, গণভোট ও নির্বাচন একদিনে আয়োজন তাদের জন্য চ্যালেঞ্জ হবে। সরকার কী তাদের সঙ্গে আলোচনা করেছে, নাকি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমার মনে হয় চ্যালেঞ্জ হলেও চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে একই দিনে করা। সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিনে করা। কারণ দুদিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের জুনিয়র অফিসার, স্কুল শিক্ষকরা ডিউটিতে যাবেন। তাদের দুদিন নিয়ে আসবেন, এগুলো খুব কঠিন। অতএব একদিনে করা ভালো। পৃথিবীর অনেক দেশেই তো এ রকম হয়তো।
নির্বাচন ও গণভোট একদিনে হলে বাজেট কী হবে— সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, না এটা তো এখন আমাদের কাছে বলেনি। আমরা তো বলেছি নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় ব্যয় বাড়বে। ওখানেও তো আপনার লোকবল লাগবে, সিকিউরিটির বিষয় আছে। এটা আমরা বলেছি ওপেন। আমাদের বাজেটটা এখন রিভাইজ করছি।
অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে। নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণার পরে ওরা আর নতুন করে কোনো খরচ চাইবে না। রেগুলার খরচ থাকতে পারে। জরুরি খরচ থাকতে পারে। সেটার ব্যবস্থা করা যাবে। তাদেরও কিছু ফান্ড আছে, অর্থ মন্ত্রণালয় আছে। অতএব নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নেই।
আপনারা বাজেটে নির্বাচনের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন। এখন কী এটার খরচ বাড়বে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন বাড়া বা কমার বিষয়টি আমি বলতে পারবো না। কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে, গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি ওই প্রজেকশনে হয় তো ছিল না।
তিনি বলেন, ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট আপনারা জানেন অ্যাম্বাসিগুলোতে। সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রিতে আমাদের কাছে চাইতে পারে। আমি দেখে আসছি সিঙ্গাপুরে, এর আগে আমি জাপানে দেখছি ওরা প্রস্তুতি নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের খরচ যুক্ত হতে পারে। ওদের অফিসাররা ওভার টাইম করবে, সেটাও আমরা ব্যবস্থা করবো।




