সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস রাজধানী ঢাকাসহ দেশব্যাপী প্রতিটি জেলায় উদ্যাপিত হবে। জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘Fostering disability inclusive for advancing social progress’ বাংলা ভাষায় ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।
আগামী ৩ ডিসেম্বর সকাল ৯-৩০ টায় মিরপুর-১৪ তে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উল্লেখ্য, দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ব্যক্তি ৩ জন, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন প্রতিষ্ঠান ৩টি, প্রতিবন্ধীদের সফল পিতা-মাতা ২ জন এবং সফল কেয়ার গিভার ২ জন।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এ দিবস উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এ আয়োজনের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী সোনালি আঁশের সমসাময়িক নকশার সৃজনশীলতা এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন কারুশিল্প সমৃদ্ধি নতুনরূপে তুলে ধরা হবে।




