পুলিশের ওপর হামলা চলতে থাকলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
পুলিশসহ জনগণের ওপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানোর ক্ষমতা আইনে দেয়া আছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাসহ তিনটি ক্ষেত্রে আইনে পুলিশকে গুলি চালানোর নির্দেশনা দেয়া আছে।
তিনি বলেন, ‘পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।
এসময় সাইবার সাপোর্ট সেন্টার প্রসঙ্গে তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।




