শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে৬০,৮০২ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মার্কিন জাহাজ

৬০,৮০২ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মার্কিন জাহাজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জিটুজি চুক্তি নম্বর-১ এর আওতায় এমভি স্প্যার এরিস নামের একটি জাহাজে ৬০,৮০২ মেট্রিক টন গম বাংলাদেশে এসেছে। জাহাজটি থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর দ্রুত সময়ের মধ্যে খালাস করা হবে বলে জানা গেছে। সোমবার (৩ নভেম্বর) ভোর ৪টায় কুতুবদিয়া উপকূলে জাহাজটি নোঙর করে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের করপাস ক্রিস্টি বন্দর থেকে জাহাজটি ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে বাংলাদেশে পৌঁছেছে। এই জিটুজি চুক্তির মাধ্যমে মোট চারটি জাহাজে প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম সরবরাহের পরিকল্পনা রয়েছে।

প্রথম জাহাজের গম ইতোমধ্যে খালাস সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাকি দুটি জাহাজ পর্যায়ক্রমে বাংলাদেশের পথে রয়েছে। আমদানি করা এই গম সরকারি গুদামে সংরক্ষণ করে সারাদেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিতরণ করা হবে।

তথ্যটি নিশ্চিত করে খাদ্য অধিদপ্তরের সাইলো অধীক্ষক রাকিবুল হাসান বলেন, ‘এমভি স্প্যার এরিস নামে একটি জাহাজে করে গমের একটি চালান এসেছে। আমাদের একটি প্রতিনিধি দল জাহাজটি থেকে গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর খালাস প্রক্রিয়া শুরু হবে।

আশা করছি, সব ঠিক থাকলে দুই-একদিনের মধ্যে জাহাজটির পণ্য খালাস করা হবে। জাহাজটি থেকে লাইটার জাহাজের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে কিছু খালাস হবে। বাকি গম নারায়ণগঞ্জে খালাস হবে। কিছু মোংলায়ও যেতে পারে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা  ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর ‘জি টু জি–০১’ এর অধীনে চালানটি দেশে এসেছে।

বাংলাদেশ সরকার ইতমধ্যেই জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে। চুক্তির আওতায় এটি যুক্তরাষ্ট্র থেকে আসা দ্বিতীয় চালান। প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর দেশে পৌঁছেছিল। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ