জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ থেকে বোঝা যায়, দীর্ঘ এক বছরব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনা মূলত অর্থহীন, সময় ও সম্পদের অপচয়মূলক, প্রহসনাত্মক এবং জাতির সঙ্গে প্রতারণামূলক ছিল। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। যে কোনো আদেশ অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে।
গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচনের বিষয়ে অনাস্থা জানায়নি। অনাস্থা জানানো হয়েছে শুধু ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে। জাতীয় ঐক্য বজায় রাখা এখন অত্যাবশ্যক।
তিনি অভিযোগ করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিকভাবে এবং জোরপূর্বক জাতির ওপর চাপানো হচ্ছে। যেসব দফায় সবাই সম্মত হয়েছিল, তার মধ্যে কিছু দফা অগোচরে পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এই মনগড়া প্রস্তাব গ্রহণ করলে সেটা জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখেই সুপারিশ দেওয়া হয়েছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।




