জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি হতাশ- এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হয়েছে, ৪৮টি দফা নিয়ে গণভোট হবে- কিন্তু এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এতদিন ধরে এত বৈঠক ও আলোচনা কেন করা হলো, তা এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদের যেই দলিল স্বাক্ষরিত হয়েছে, তা এখন কার্যত অনুপস্থিত। পরিবর্তে কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে, তা বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে। তাদের উদ্দেশ্য কী এবং তারা কী অর্জন করতে চায়- তা স্পষ্ট নয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে- এটাই বিএনপির আশা। তবে ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা প্রকাশ করছে।




