বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে এ চিঠি দেওয়া হয়। বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে শাহবাগ এলাকা এখন উত্তাল। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান কর্মসূচি থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেন করেন শিক্ষকরা। পরে দুপুর ২টার দিকে শাহবাগ অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করেছে; তবে এই ঘোষণা ৫ অক্টোবর প্রকাশিত হওয়ার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায়, যাতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া অন্তত দুই থেকে তিন হাজার টাকা করা হয়।
২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গেলো রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে গত সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিদিনই নতুন নতুন আলটিমেটাম দিয়েও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না তাদের।
বুধবার চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্কুল থেকে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও কর্মচারীরা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিক্ষকদের অভিযোগ, কথা দিয়েও কথা রাখছে না সরকার। দাবি মেনে না নিয়ে শিক্ষকদের সঙ্গে টালবাহানা করছে।




