বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের আন্দোলনের পর সরকার বিষয়টি গুরত্ব সহকারে নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। যে কারণে তিনি মনে করেন, এখন আর আন্দোলনকারীদের নতুন কোনো কর্মসূচির প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেটি শেষ হওয়ার পর সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, যারা আন্দোলনে জড়িত, তাদের অভিভাবক ও চাকরিদাতাদের সঙ্গে বসা হবে। হঠাৎ করেই তিনদফা বা সাতদফা বা তার খণ্ডিত অংশ মেনে নেওয়ার ঘোষণা দেয়া যায় না। তাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।




