সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (রোববার, ১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আইন অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই এবং এটি সম্পূর্ণ বেআইনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু পোস্টে রিটার্নের সব ঘর ‘শূন্য’ দেখিয়ে দাখিল করা যায় বলে ভুল ধারণা প্রচার করা হচ্ছে। এর ফলে অনেক করদাতা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা দিচ্ছেন। কিন্তু আয়কর আইন, ২০২৩ অনুযায়ী প্রত্যেক করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে।
এনবিআর সতর্ক করে জানায়, ইচ্ছাকৃতভাবে শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করা ফৌজদারি অপরাধ। আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুযায়ী এতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারও আয় করযোগ্য না হলেও সঠিক তথ্য দিতে হবে। জিরো আয় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই। করদাতাদের প্রকৃত তথ্য প্রদর্শনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।




