আগামীকাল ৫ আগস্ট ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করতে সব ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে অনুষ্ঠিতব্য শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য বলা হয়েছে। রোববার (৩ আগস্ট) সব ব্যাংককে এ–সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।
সেই চিঠিতে বলা হয়েছে, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় বেলা একটার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই শোভাযাত্রা সফল করতে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য। এমতাবস্থায় নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে ‘তারুণ্যের উৎসব ২০২৫ ব্যানারে ওই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।
এদিকে, আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশের সব তপসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকে কার্যক্রম বন্ধ থাকবে।




