দেশ ছাড়ার চেষ্টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য সাদেকা হালিমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। রোববার তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁর সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট। পরে পাসপোর্ট রেখে তাঁকে ফেরত পাঠানো হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর গত ১২ আগস্ট পদত্যাগ করেন সাদেকা হালিম। এর পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য। গত রোববার তাঁকে দেখা যায় শাহজালাল বিমানবন্দরে। বিমানবন্দরে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা জানান, তিনি একাই ছিলেন। ইমিগ্রেশনে তাঁকে দেখে দায়িত্বরত কর্মকর্তা বসতে বলেন। পরে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে সেখানে ডাকা হয়। বেশকিছু সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দেড় ঘণ্টা পর তাঁকে জানানো হয়, তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না। রেখে যেতে হবে পাসপোর্ট। পরে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।




