শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাবেক এমপি শম্ভু, সিরাজুল ইসলাম ও ওবায়দুল কাদেরের পিএ আটক গ্রেপ্তার

সাবেক এমপি শম্ভু, সিরাজুল ইসলাম ও ওবায়দুল কাদেরের পিএ আটক গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সোমবার রাতে এ অভিযান চালানো হয়। শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একই দিন নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদগেট এলাকার পিপলস ইউনিভার্সিটি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ছাত্র-জনতা সিরাজুলকে আটকে রেখে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। এ ছাড়া রাজধানীর বনানী থেকে সোমবার যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

একই দিন কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে নৈশকোচে পেট্রোল বোমা হামলায় আট যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় পুলিশের তৎকালীন আইজি শহীদুল হকসহ তিনজনকে দু’দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। কুমিল্লা আদালতের বিচারক ফারহানা সুলতানা সোমবার এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া অপর দু’জন হলেন সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিম।

এদিকে টাঙ্গাইলের আদালতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ডিম হামলার শিকার হয়েছেন। গতকাল তিন মামলায় পাঁচ দিন করে তাঁর মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল বিকেলে রাজ্জাককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাঁর বিচারের দাবিতে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী, গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা রাজ্জাককে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।

গাইবান্ধায় হাসিনার বিরুদ্ধে মামলা

সংবাদদাতা জানান, গাইবান্ধায় গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে গুলি ও হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এসপি কামাল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতে মামলাটি করেন গত ৪ আগস্টে আহত ওয়াহেদুর রহমান।

ফরিদপুরের ভাঙ্গা প্রতিনিধি জানান, গত রোববার রাতে উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরীসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মামলাটি করেন।

বাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে কুসিকের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মো. জাকির হোসেন গতকাল এ আদেশ দেন।

সাতজনকে গ্রেপ্তার দেখাল আদালত
গত বছরের ২৮ অক্টোবর পল্টনে যুবদল নেতা শামীম মিয়ার মৃত্যুর ঘটনার মামলায় গতকাল সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেননসহ সাতজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আজমপুরে বাসচালক আলমগীর হোসেনকে হত্যা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে আদালত কারাগারে পাঠিয়েছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক গতকাল এ আদেশ দেন।

ওবায়দুল কাদেরের পিএ মতিন আটক
সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিএ আব্দুল মতিনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চর ওয়াসপুর এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ ছাড়া রাজধানীতে ছাত্র আন্দোলন চলাকালে নাজমুল হাসান হত্যা মামলায় রাতে ও গতকাল ভোরে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. বাবুল, খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সম্পাদক মোহাম্মদ আজিজুল হক ও পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ। কলাবাগানে ছাত্র আন্দোলনে হামলা মামলায় কলাবাগান থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাউছার হাওলাদার ও নিউ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আল-রোমানকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিলের সময় গ্রেপ্তার ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে একই দিন কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন

সর্বশেষ