রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি : রিজভী

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি : রিজভী

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “আমি মনে করি তার (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমান তুলেছিলেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে, তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তার সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মত সংকীর্ণমনা দল নয় বিএনপি। মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিৎ হয়নি। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কম অত্যাচার করতো, তাহলে তাকে পালাতে হতো না। তিনি জানেন কাকে কাকে গুম করা হয়েছে, কার প্রতি অন্যায় করেছেন। অন্যায় করলে তাকে পালাতে হবেই। অবিচার করলে নিজ দেশে থাকতে পারবেন না কেউ।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম।

১১ নভেম্বর সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মাহফুজ জানান, এটা আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। কিন্তু, জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।

শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ১৯৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন, আওয়ামী লীগকে তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ১৯৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত, কোনো ধরনের সমঝোতা হবে না।

আরও পড়ুন

সর্বশেষ