বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
যেহেতু, নির্বাচিত পরিচালকদের সাথে এফবিসিসিআই এর বর্তমান পর্ষদের সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭(১) ধারা অনুযায়ী “ব্যবসা, শিল্প, বাণিজ্য, সেবাখাতের স্বার্থে সংগঠনটি সার্বিকভাবে পরিচালিত হচ্ছে না, তাই বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭(১) ধারা অনুযায়ী বর্তমান পর্ষদ ভেঙ্গে দেওয়া আবশ্যক।
যেহেতু, এফবিসিসিআই সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪, কোম্পানি আইন-১৯৯৪ ও সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক;
সেহেতু, বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর সদস্য মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (অবঃ)-কে “দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)”-এর প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত: নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।
ই-ক্যাবে প্রশাসক নিয়োগ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন—২০২২ এর ১৭—ধারা মোতাবেক ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে নিয়োগ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।




