দেশের আরও ৩৪ জেলায় জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করা হয়েছে এবং সেইসঙ্গে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়নও করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩৪ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা হয়েছেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট; আর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।
এর আগে, প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করে। এরপর প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ, আইন-আদালতসহ বিভিন্ন জায়গায় বড় পরিবর্তনে হাত দেয় অন্তর্বর্তী সরকার।




