বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, পরিণতি ভালো হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, পরিণতি ভালো হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতিবিপ্লবের চেষ্টা করবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পরিণতি ভালো হবে না। তবে আওয়ামী লীগকে দল হিসেবে পুনর্গঠন করতে পারেন, এতে কোনও সমস্যা নেই।

সোমবার (১২ আগস্ট) সকালে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে। আমরা হয়তো পালিয়ে যেতে পারি। এই জেনারেশন বা ছাত্র-জনতা পালাবে না।

দেশে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এমন কিছু করবেন না, যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। আপনারা পার্টি অর্গানাইজ করেন, ইলেকশন হলে অংশ নিবেন। আওয়ামী লীগ অনেক বড় দল। আমার শ্রদ্ধা আছে। এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল। এটা জাতীয় সম্পদ। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না, নষ্ট করার অধিকার নেই। এটা বাংলাদেশের সম্পত্তি।

আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানাই। সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ আগস্টের পর কারও কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো লীগ বুঝি না, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা, সেগুলো জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এ রাইফেল আর ফেরত আসেনি।
 
যেসব সিভিলিয়ানের (সাধারণ) হাতে নিষিদ্ধ অস্ত্র গেছে, তারা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেবেন। না জমা দিলে দুটো চার্জ আসবে। নিজেরা না দিলে, কারও মাধ্যমে দেন। না হলে আমরা হান্টিং শুরু করব বলেও জানান তিনি।
 

বড় পরিসরে তদন্ত করা দরকার-এ কথা উল্লেখ করে তিনি বলেন, যা ঘটেছে তারজন্য শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সহায়তা চাইতে হবে। কাদের হুকুমে এটা হলো?

স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও বলেন, মারামারি করে লাভ নেই। আর কোনো মৃত্যু আমরা চাই না। আমরা উস্কানি দিলে আপনারা টিকতে পারতেন না। দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন না। এদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায়নি ঘটনা, ভুলেনি, ভুলতে আরও সময় লাগবে। পাল্টা রেভ্যুলেশন করতে গেলে আরও রক্ত যাবে।

আরও পড়ুন

সর্বশেষ