আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই ২০২৪ খ্রি. তারিখ, বুধবার হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
এছাড়া আগামীকাল থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস-আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
এদিকে, আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।




