বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউমন্ত্রীদের পদত্যাগের নির্দেশ এরশাদের

মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ এরশাদের

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচনকালীন কথিত সর্বদলীয় মন্ত্রিসভা থেকে তার দলের সদস্যদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি আবারো বলেছেন, সব দল না এলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না- এটাই তার শেষ কথা।

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক শেষে আজ  বিকেলে ৫টা ৫৫ মিনিটে সংবাদ ব্রিফিংয়ে এরশাদ এ ঘোষণা দেন। এর আগে ৪টা ৫ মিনিটে একটি কালো রং-এর গাড়িতে প্রেসিডেন্ট পার্ক-এ আসেন সুজতা সিং। এরশাদের সঙ্গে সুজাতার ৪৫ মিনিটের একটি বৈঠক হয়। বৈঠক শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং আমাকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে আমি তাকে জানিয়ে দিয়েছি দেশের এই পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।

এরশাদ বলেন, ভারতীয় পররাষ্ট্র সচিব আমার কাছে জানতে চেয়েছেন আমি নির্বাচনে না গেলে কি জামায়াত-শিবির আসবে?  আমি তাকে স্পষ্ট করে বলেছি, আমি জানি না কে আসবে? কিন্তু এখন দেশের যা অবস্থা তাতে কোনো অবস্থাতেই নরমাল ইলেকশন করা সম্ভব নয়।

জাপা চেয়ারম্যান বলেন, “আমার শেষ কথা হলে আমি নির্বাচনে যাব না, যাব না, যাব না। তোমরা যারা মনোনয়নপত্র দাখিল করেছ, তারা প্রত্যাহার করে নাও। আর সর্বদলীয় সরকারে যারা আছ, তাদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের তিনি বলেন, “দেশের অবস্থা সামনে আরো খারাপ হবে। দেশের ১০০ ভাগ লোকই নির্বাচনের বিপক্ষে। পথে নেমে লোকজনকে জিজ্ঞেস করেন, তারা প্রত্যেকেই বলবে নির্বাচনের বিপক্ষে তারা।

সাংবাদিকেরা এ সময় জানতে চান, আপনি কোনো চাপে আছেন কি না। এরশাদ বলেন, ‘আমার ওপর কোনো চাপ নেই, আতঙ্ক নেই।’ তাহলে কেন আপনি পালিয়ে ছিলেন, জানতে চাইলে তিনি সাংবাদিকদের তিনি বলেন, ‘পালিয়ে ছিলাম তোমাদের (সাংবাদিকদের) ভয়ে। এদিকে, প্রেস ব্রিফিংয়ের পর পরই এরশাদের বাড়ির চারিদিক ঘিরে ফেলেছে র‌্যাব-পুলিশের সদস্যরা। তিন স্তরে ব্যারিকেড বসানো হয়েছে বারিধারার প্রেসিডেন্ট পার্কের সামনে ও পেছনে।

বাড়ির সামনের দূতাবাস সড়কের দুই মাথায় পার্কের দিকে এবং প্রগতি সরণির দিকটা বন্ধ করা হয়েছে। কোনো দিক থেকেই কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। তবে এরশাদের বাড়ির সামনে আগে থেকে জমায়েত হওয়া নেতা-কর্মীদের বের করে দেওয়া হয়নি। বাড়ির পেছনের ফটকের দিকটা অবশ্য জনশূন্য করে দেওয়া হয়েছে। সেখানে র‌্যাবের কয়েকজন সদস্য একটি গাড়ি নিয়ে অবস্থান নিয়েছেন। বাড়ির সামনে যারা উপস্থিত রয়েছেন তারা বের হতে চাইলে বের হয়ে যাচ্ছেন কিন্তু নতুন করে কেউ সেখানে ঢুকতে পারছেন না।

আরও পড়ুন

সর্বশেষ