ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আজ মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় হেলিকপ্টার যোগে কলাপাড়া উপজেলার টিয়াখালীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রাসহ ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি পায়রা সমুদ্র বন্দর এলাকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এ সময় তিনি রামনাবাদ চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা’ শের-ই বাংলা নৌঘাঁটি, বালিয়াতলী সড়কের আন্ধার মানিক নদীর উপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে নৌবাহিনীর জাহাজ যোগে সমুদ্র বন্দর এলাকা পরিদর্শন করে বিকালে বরগুনার তালতলি উপজেলায় জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




